চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পৃথক জনসমাবেশকে কেন্দ্র করে দুই স্থানীয় গ্রুপের সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাদেক (২৯), কামরুল (৩৯) ও হানিফ (৩৪)। গত ১ সেপ্টেম্বর পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় কয়েকজনকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা যায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে চট্টগ্রাম জেলা পুলিশ।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্য এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে ১১টি ধারালো ছুরি, তিনটি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়েছে। পরবর্তী অভিযানে দেশীয় তৈরি একটি একনলা কাটা বন্দুকও উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর কোনটি সংঘর্ষের সময় ব্যবহার বা প্রদর্শন করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা না করে ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্রের ব্যবহার ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা পুলিশ।