ফরিদপুরের মধুখালী উপজেলায় রড চুরির অপবাদে তাওহিদ শেখ (১৪) নামের এক শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নওপাড়া ইউনিয়নের নওপাড়া কুরানিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির পরিবারের অভিযোগ, স্থানীয় একটি মুড়ি কারখানার মালিক ইশারত মোল্যা, তার ছেলে ও ভাতিজারা রড চুরির অভিযোগ তুলে তাওহিদের হাত-পা ও চোখ-মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলেন। পরে লোহার পাইপ দিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। মিলের নিচ থেকে শিশুটির গোঙানির শব্দ শুনে দাদি ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।
তাওহিদের পরিবার দাবি করেছে, সে কোনো চুরির সঙ্গে জড়িত নয়। ঘটনার প্রতিবাদ করায় হুমকি দেওয়ার অভিযোগও করেছেন শিশুটির বাবা। তবে ইশারত মোল্যা মারধরের বিষয়টি স্বীকার করে দাবি করেছেন, চুরির সময় শিশুটিকে ধরা হয়েছিল এবং তার ছেলে ও ভাতিজারা তাকে মারধর করেছে। তিনি আইনগত ব্যবস্থা না নিয়ে নিজেদের হাতে আইন তুলে নেওয়ার বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।