দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। নির্বাচনটিকে ‘অর্থহীন’ ও ‘প্রহসনের ভোট’ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, ফলাফল আগে থেকেই জানা ছিল। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোট গণনা শেষে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
ভোট না দেওয়ার পেছনে তিনটি কারণ তুলে ধরেন রুমিন। প্রথমত, ফলাফলে অনিশ্চয়তা না থাকায় এটিকে প্রকৃত নির্বাচন মনে করেননি তিনি। দ্বিতীয়ত, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে একজন অরাজনৈতিক ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা যেত বলে মত দেন তিনি।
তৃতীয় কারণ হিসেবে সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ তোলেন রুমিন। তার অভিযোগ, ভোটের আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে সংসদ সদস্য পদ হারানোর বিষয়টি সামনে এনেছে বিএনপি। এ কারণেও তিনি ভোটে অংশ নেননি বলে জানান। এ নির্বাচনে রুমিনসহ মোট ছয়জন সংসদ সদস্য ভোট দেননি। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শেষে মির্জা ফখরুলকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।