ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও মাদ্রাসাছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার পর জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। লাঠিপেটা ও ইটপাটকেল নিক্ষেপে পুলিশ ও শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কাছের মাদ্রাসার শিক্ষার্থীদের দাবি, বুধবার পরীক্ষা থাকায় উচ্চ শব্দে তাদের পড়াশোনায় সমস্যা হচ্ছিল। কয়েকজন শিক্ষার্থী গান বন্ধ বা শব্দ কমানোর অনুরোধ জানাতে গেলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে শতাধিক শিক্ষার্থী সেখানে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করা হলে শিক্ষার্থীদের পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানটি আর চালু করা সম্ভব হয়নি।